Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে তাৎক্ষণিক প্রত্যাহার

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০২৬

রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বদলির আদেশের পর রাতেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে রাজশাহী ছাড়তে বলা হয়। রাত ১১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

এর আগে সন্ধ্যায় তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

মাত্র দুই মাস আগে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেওয়া ইউসুফ আলীকে কেন এত দ্রুত সরানো হলো, প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি।

তবে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফরের সময় ‘অপেশাদার আচরণ’ করায় তাকে সরানো হয়েছে।

মঙ্গলবার রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কর্মকর্তাদের হাত মেলানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এতে দেখা যায়, একপর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর বিভাগীয় কমিশনার তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। তবে তারেক রহমান তাকে সরিয়ে দেন।

মঙ্গলবার বেলা ২টা ৫৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি মাদ্রাসা ময়দানে জনসভায় বক্তব্য দেন।

জনসভা শেষে রাজশাহীর একটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তারেক রহমান। পরে শহর ছাড়তে আবার বিমানবন্দরে যান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে তার উড়োজাহাজটি ছেড়ে যায়।

২০২৬ সালের ১৯ আগস্ট রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পান ইউসুফ আলী। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.