Sylhet Today 24 PRINT

ছাতক থেকে সিলেটের দুই ছাত্রলীগ ২ কর্মী গ্রেপ্তার, গোপন বৈঠকের অভিযোগ

ছাতক প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০২৬

​সুনামগঞ্জের ছাতকে মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) গভীর রাতে ছাতক থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরবর্তীতে গত রবিবার সকালেই তাদের নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
​
গ্রেপ্তারকৃতরা হলেন— সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা বাসিন্দা (বর্তমানে নগরের জিন্দাবাজারের জল্লারপাড় এলাকায় বসবাসরত) মৃত আব্দুল জব্বার ও রেজিয়া বেগম দম্পতির ছেলে রুমেল আহম্মেদ রুবেল (২৮) এবং সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সরমঙ্গল গ্রাম ও বর্তমান সিলেটের শেখঘাট এলাকার আব্বাস আলী ও বেসিনা বেগম দম্পতির ছেলে সুমন আহম্মেদ (২৬)।
​
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর গভীর রাতে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূঁইগাঁও গ্রামের বুকেরভাঙ্গা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল দুর্বৃত্ত মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক স্লোগান দেয় এবং গোপন বৈঠক করে। এ সময় স্থানীয় জনতা তাদের ঘিরে ফেললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে ছাতক থানার এসআই মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
​
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও নাশকতা ও সহিংসতার সুনির্দিষ্ট মামলা রয়েছে। গত ২ আগস্ট দায়েরকৃত থানার এফআইআর নম্বর- ১৬, জিআর নম্বর- ২৩৫-এর অধীনে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারা এবং পেনাল কোডের ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চক্রান্তের বিরুদ্ধে থানা পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। জনগণের জানমাল রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.