Sylhet Today 24 PRINT

থাপ্পরকাণ্ড: দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে ক্যাডেট মাদ্রাসায় সাত বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়েরের পর অধ্যক্ষের পাল্টা মামলার মুখে থাকা ভুক্তভোগীর বাবা শাহজালাল রুমি দেশ ছেড়েছেন।

সোমবার রাত আটটার দিকে গণমাধ্যমকে এক খুদেবার্তায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। তবে খুদেবার্তায় তিনি বর্তমানে কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

পাঠানো বার্তায় শাহজালাল রুমি বলেন, আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।

বার্তাটিতে সংশ্লিষ্ট ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনও বলে যাচ্ছেন।

এর আগে, গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ওই শিশু শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেন শিশুর বাবা শাহজালাল রুমি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীকালে এ ঘটনায় শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি যৌন নিপীড়নের মামলা করেন।

তবে ঘটনার পর মাদ্রাসাটির অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়। পাল্টা এই মামলা দায়েরের পর থেকেই মূলত আড়ালে চলে যান শাহজালাল রুমি। অবশেষে সোমবার তিনি দেশ ছাড়ার কথা জানালেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.