Sylhet Today 24 PRINT

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: শ্রমমন্ত্রী আরিফুল

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে তিনি এ কথা জানান।

শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। আজ থেকেই বোর্ডের কার্যক্রম শুরু হচ্ছে।

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ সময় শ্রমিকদের রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে, গত শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন তিনি।

সেদিন শ্রমিক নেতাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে তিনি বলেন, ‘তাদের দেওয়া বক্তব্যগুলোর বিষয়ে অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। তারা যা যা বলেছেন, তা নিয়ে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা একটা করে আমরা কাজ করব। আমাদের যেমন শিল্পকারখানা রক্ষা করতে হবে, পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়াগুলোও আদায় করতে হবে।’

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.