Sylhet Today 24 PRINT

‘বিএনপি সরকারের আট মাসে সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ’

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২৬

আরেকদফা বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। সোমবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়েছে সরকার। গত মাসেও দাম বেড়েছিল ২১২ টাকা।

সোমবার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি মাসেই দাম সমন্বয় করে সংস্থাটি। গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিয়েছিল ১ হাজার ৮৩৭ টাকা। বিইআরসি এখন নতুন দাম ঠিক করেছে ২ হাজার ৬০ টাকা। যদিও দেড় মাস ধরে বাজারে এটি বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়।

এলিপিজির এই মূল্যবৃদ্ধির সমালোচা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে আবারও অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার।

ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ লিখেন, বিএনপি ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। দফায় দফায় মূল্যবৃদ্ধি করা হলেও এর পেছনে সরকার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। অথচ পার্শ্ববর্তী দেশগুলোয় এখনও বাংলাদেশের অর্ধেক দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে।

নাহিদ আরও লিখেণ- আরও উদ্বেগজনক বিষয় হলো, সরকার নির্ধারিত দামে দেশের কোথাও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। এতদিন নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা বেশি দামে সিলিন্ডার বিক্রি হয়েছে।

সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি লিখেন, সরকারের অযোগ্যতায় গুটিকয়েক কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের ১৮ কোটি মানুষ। আমি গ্যাস সিলিন্ডারের এই অযৌক্তিক ও অবৈধ মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.