Sylhet Today 24 PRINT

গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ: সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

গাজীপুরে তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পোশাকশ্রমিকেরা।

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর-বাংলাবাজার সড়কের বাংলাবাজার এলাকায় এ্যাপিলিয়ন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

প্রথমে লায়লা স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিকেরা মিছিল বের করেন। পরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও এতে যোগ দেন। একপর্যায়ে মিছিলকারীদের সঙ্গে বহিরাগত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান তৈরি হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

শ্রমিকদের অভিযোগ, এ সময় বহিরাগতদের হামলায় কয়েকজন শ্রমিক আহত হন। তাঁদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

লায়লা স্টাইলস লিমিটেডের শ্রমিক মনোয়ার হোসেন বলেন, ‘গতকাল আমাদের এক ভাই মারা গেছেন। এর প্রতিবাদে শ্রমিকেরা মিছিল বের করেন। এ সময় বহিরাগতরা মিছিলে বাধা দেন। আমাদের কয়েকজন শ্রমিককে আটকে রেখে নির্যাতন করেন তাঁরা। তাঁদের অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরেক শ্রমিক মনিরা বলেন, ‘এখানে মালিক-শ্রমিকের মধ্যে সমস্যা। বহিরাগতরা কেন? আমাদের ভাই-বোনদের পশুর মতো মারধর করছে। পুলিশ এসে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।’

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, শ্রমিকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে দিয়েছে। তবে মারধরে কোনো শ্রমিক আহত হয়েছেন কি না, তা আমার জানা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.