Sylhet Today 24 PRINT

বর্ষবরণে যৌন হয়রানি : পুনঃতদন্তের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

২০১৫ সালের ১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীর ওপর যৌন হয়রানির মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ২৩ মার্চের মধ্যে মামলাটির প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে নতুন তদন্ত সংস্থা পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিআইবি)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এ আদেশ দেন।

২০১৫ সালের পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির এই মামলায় ৮ আসামিকে শনাক্ত করেছিল পুলিশ। তাদের ধরিয়ে দিতে ১ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়। কিন্তু আসামিদের নাম-ঠিকানা না পাওয়ার অযুহাতে ২০১৫ সালের ২২ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

পুলিশের দাখিলকৃত ওই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণও করে ট্রাইব্যুনাল। পরে শনাক্তকৃত আসামিদের মধ্যে মো. কামাল গ্রেপ্তার হলে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মামলাটি পুনঃতদন্তের আবেদন করা হয়। গ্রেপ্তারকৃত কামাল ২ দিনের রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন।

২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানি করা হয়। যৌন হয়রানির শিকার কেউ এ নিয়ে মামলা না করায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

তদন্তকালে মামলার ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ ও সাক্ষীদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ৮ জনকে শনাক্ত করা হয়। শনাক্ত ৮ আসামির ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইলেকট্রনিক ও গণমাধ্যমে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ আশপাশের এলাকায় পর্যাপ্ত ভিড় ছিল। ভিড়ের মধ্যে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে কয়েকজন নারীর শ্লীলতাহানির চেষ্টা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.