সিলেটটুডে ডেস্ক | ০৯ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গণমাধ্যমকে বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে, রোববার একই সময়ে রাজধানীর পল্লবী থানার প্রাঙ্গণে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা দুই জন পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি বিস্ফোরিত হলে থানার ফটকের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে বিস্ফোরিত ককটেলের অংশের আঘাত লাগে। এতে তিনি সামান্য আহত হন।
এ ছাড়া সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, উপাচার্যের বাসভবনসংলগ্ন চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটে। টিএসসি এলাকায় বিস্ফোরণের পর দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।