Sylhet Today 24 PRINT

রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন: উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি, বলছে ডিএমপি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এর মধ্যে রয়েছে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন- রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাদের মধ্যে রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুরে, সোহেল রানার বাড়ি রাজশাহীর পুঠিয়ায় এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

এদিকে রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পরে রাত ১২টা ২০ মিনিটের দিকে কমলাপুর রেলওয়ে থানার (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা সেখান থেকে ধোঁয়া উড়তে দেখেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি বলে জানান ওসি।

এদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন।

তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি, বলছে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কর্মকাণ্ডের মূল লক্ষ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের এ অবস্থান তুলে ধরেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে পুলিশি তৎপরতা ও নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে। মোবাইল পার্টি ও পিকেট ডিউটির পাশাপাশি বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক দূর করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

নাশকতার ঘটনাগুলোর তদন্তের অগ্রগতি সম্পর্কে আকতার হোসেন বলেন, প্রতিটি বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে পুলিশ। এসব ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের সদস্যও রয়েছেন।

ককটেল তৈরির উপাদান কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এর আগে বিস্ফোরকদ্রব্য ও ককটেল তৈরির উপাদানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাশাপাশি নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে পেট্রোল পাম্প বা অন্য কোনো স্থান থেকে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। তার মতে, সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.