সিলেটটুডে ডেস্ক | ০৯ নভেম্বর, ২০২৬
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে আসামি হিসেবে হস্তান্তর চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বছরের পর বছর ধরে শেখ হাসিনা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছেন। দেড় হাজার মানুষ হত্যা করে তিনি পালিয়ে গেছেন। তিনি ফাঁসির আসামি, সাধারণ কোনো ট্রাভেলার নন। তাই তার প্রত্যাবর্তনও সাধারণভাবে হবে না। যিনি পালিয়ে গেছেন, তিনি কীভাবে ফিরবেন? আসামি হিসেবে ভারত সরকারের কাছে তাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে।’
হুমায়ুন কবির বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। পাসপোর্টের বিষয়টি হাস্যকর। বাংলাদেশ টেরোরিস্টদের পাসপোর্ট দেয় না। রাজনৈতিকভাবে যিনি মারা গেছেন, তাকে নিয়ে রাষ্ট্রের সময় নষ্ট করার প্রয়োজন নেই।’
সোমবার সকালে শেখ হাসিনা আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনের সঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক যোগাযোগের খবর এই প্রথম প্রকাশ্যে এল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই বছরের বেশি সময় আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি বাংলাদেশে ফিরতে চান।
লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে বলেন, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের মক্কেলের বর্তমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
চিঠিতে হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার দলিল অনুযায়ী উদ্ভূত বাধ্যবাধকতা’ বিবেচনায় আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।