সিলেটটুডে ডেস্ক | ০৯ নভেম্বর, ২০২৬
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
কুষ্টিয়ায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করা এবং পরিবারের কাছে অভিযোগ দেওয়ার জেরে জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ইমন নামে এক স্কুলছাত্রের বিরুদ্ধে। গুরুতর আহত জাকিয়াকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় কিচেন ক্লাবের কাছে ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।
জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। কুষ্টিয়া শহরের থানা পাড়ায় তারা ভাড়া থাকেন।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় কালো শার্ট পরা ইমন নামে এক স্কুলছাত্র পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। জাকিয়া মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকা জাকিয়ার পেছন দিক থেকে এক ব্যক্তি এগিয়ে এসে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করছে। একপর্যায়ে জাকিয়া মাটিতে পড়ে গেলে ওই ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।
জাকিয়ার পরিবারের অভিযোগ, শহরের মজমপুর এলাকার বাসিন্দা ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে বিরক্ত করত সে। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য উত্ত্যক্ত করা বন্ধ করে দেয় ইমন।
পরিবারের ধারণা, ইমনের অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই জাকিয়াকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে।
জাকিয়ার মা সুমি আক্তার বলেন, 'ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। সোমবার স্কুল ছুটির পর আমার মেয়ে বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে তাকে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।'
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, 'ভুক্তভোগীর শরীরে সেলাই দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'