Sylhet Today 24 PRINT

ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে সেটা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত।

ঠিকাদার খুশি হয়ে প্রকৌশলীদের উপহার দিলে সেটা নিতে সমস্যা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘একটি কাজ বাস্তবায়ন করে নেওয়ার ক্ষেত্রে চৌদ্দবার খেয়াল করবেন, এই টাকাটা জনগণের। ঠিকাদার তাঁর লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।’

মঙ্গলবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে এলজিইডিতে নবনিযুক্ত প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, জনগণের কষ্টার্জিত অর্থে নির্মিত অবকাঠামোগুলো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে, সেদিকে খেয়াল রেখে কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা না দেখিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠ পর্যায়ে কাজ করার সময় সরকারের ক্রয়সংক্রান্ত বিধানাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

তিনি জানান, প্রকৌশলীদের দাবি অনুযায়ী এলজিইডি ক্যাডারভুক্তকরণের বিষয়টি দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন ছাড়াও মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.