Sylhet Today 24 PRINT

এমপি নুসরাতের বাড়িতে পেট্রোলবোমা ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোলবোমা ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন তিনি। আগুন লেগেছে তবে ঘটনাটি নাশকতা কি না, তা খতিয়ে দেখতে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে ওই বাড়িটি একটি টিনশেড আধাপাকা ঘর। বাড়িটির প্রায় ২০ মিটার দূরে তার বাবা-মা একটি তিনতলা বাড়িতে থাকেন। অগ্নিকাণ্ডের সময় ওই বাড়িতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগলসহ কিছু জিনিসপত্র ছিল।

ঘটনার পর পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরেজমিনে ঘটনা পরিদর্শন করা হয়েছে। অ্যাডিশনাল এসপি গিয়েছেন, থানার ওসি গিয়েছেন। আজ সকালে আমি নিজে কথা বলে এসপিকেও পাঠিয়েছি। বিজিবির টিমও সেখানে গিয়েছে, যেহেতু সীমান্তের কাছাকাছি।’

তিনি বলেন, ‘ফায়ার ব্রিগেড ট্রিপল নাইনে খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তারা পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ঘটনাটি আগুন লাগানো, নাকি দুর্ঘটনাবশত আগুন লেগেছে, তা তদন্তে যৌথ টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে যে কথাগুলো আসছে, আগুন লাগানো হয়েছে নাকি আগুন লেগেছে, এটা তদন্ত করতে আমি অলরেডি যৌথ টিমকে নির্দেশ দিয়েছি। এখানে বিজিবি থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে এবং সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসন থাকবে।’

বিজিবির প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘পেট্রোলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সাক্ষীর কাছ থেকেও পেট্রোলবোমার কোনো তথ্য পাওয়া যায়নি। মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রোলবোমাও ব্যবহৃত হয়নি।’

অগ্নিকাণ্ডে বাড়িতে থাকা দুটি ছাগল মারা গেছে জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে কেয়ারটেকারের কিছু জুতা তৈরির সরঞ্জাম ও কাপড়চোপড় ছিল। ঘটনাস্থলের ছবি, ভিডিওসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে যেটা দেখা যায়, তাতে দেখা যাচ্ছে পুরোনো বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়্যারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে, এটা অনেকটা শর্টসার্কিটের মতো ঘটনা হতেও পারে। সবকিছুই অনুমাননির্ভর। তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘এখানে কেউ যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করে থাকে, সেটা অধিকতর তদন্তের মাধ্যমে প্রকাশ হলে আমরা সেভাবে ব্যবস্থা নেব।’

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। প্রাথমিক তদন্তে বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর পেট্রোলবোমা হামলার অভিযোগ করেন এনসিপির নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.