সিলেটটুডে ডেস্ক | ১৫ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বৈধ কাগজপত্র থাকা স্বত্বেও আমদানিকারকের ট্রাক আটকে ৭৪ বস্তা ভারতীয় জিরা উধাও করে করে দেওয়ার অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে।
ব্যাবসায়ীর অভিযোগ, সকল ধরনের বৈধ কাগজপত্রসহ ৩৩৪ বস্তা জিরা একটি ট্রাকে বোঝাই করে ঢাকা পাঠাচ্ছিলেন। পথিমধ্যে, শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে ডিবি পুলিশ। চালক ও ট্রাকে থাকা লোকজন প্রয়োজনীয় সকল কাগজপত্র দেখানো স্বত্বেও তাদের আটক করে জোরপূর্বক থানায় নিয়ে যায়।
পরে, জব্দ তালিকা ও সংবাদ বিজ্ঞপ্তিতে আটক দেখানো হয় ২৬০ বস্তা। বাকি ৭৪ বস্তার হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। আমদানিকারক মাহবুব উল্লাহ বাকি জিরার বস্তাগুলো আত্মসাতের অভিযোগ তুলেছেন ডিবি পুলিশের বিরুদ্ধে।
জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গজারিয়া এলাকায় ট্রাকটি আটক করে ডিবি পুলিশ। পরে, ট্রাক থেকে ২৬০ বস্তায় ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধারের কথা জানায় পুলিশ।
ঘটনার পর ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করে , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা এসব জিরা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দুজনকে আটক করে মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, সিলেটের জৈন্তাপুর থানার হেমু হাউদপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহনূর আলম এবং রাজশাহীর পুঠিয়া থানার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. ফুলসুরের ছেলে মো. সুরুজ মিয়া।
ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিবি।
অন্যদিকে, আমদানিকারক মাহবুব উল্লাহ রকির দাবি, গত মাসে ভারতের ডাউকি স্থলবন্দর দিয়ে তিনি বৈধভাবে জিরা আমদানি করেন। ঢাকার বাজারে দাম ও চাহিদা কম থাকায় লোকসানের আশঙ্কায় জিরাগুলো সিলেটে গুদামজাত করে রেখেছিলেন। পরে সংশ্লিষ্ট সার্কেলের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) গুদাম পরিদর্শনে গেলে তাঁর পরামর্শে মালামাল ঢাকায় নেওয়ার জন্য ট্রাকে তোলেন।
রকি বলেন, ট্রাক আটকের পর তাঁরা পুলিশকে আমদানিসংক্রান্ত কাগজপত্র দেখানোর চেষ্টা করেন এবং মালামাল যাচাইয়ের অনুরোধ জানান। ডিবি কর্মকর্তারা জানান, পরদিন সকালে জানানো হবে। তবে, পরে কোনো কারণ ছাড়াই মামলা ও জব্দের প্রক্রিয়া শুরু করে ডিবি।
আমদানিকারকের দাবি, তিনি প্রায় ১০ হাজার ২০ কেজি জিরা আমদানি করেছিলেন, যা ৩৩৪ বস্তার সমান। কিন্তু ডিবি ২৬০ বস্তা দেখিয়ে জব্দ তালিকা তৈরি করেছে; বাকি ৭৪ বস্তার হিসাব কী, তাদের জানাতে পারেনি পুলিশ।
একদিকে তামাবিল স্থলবন্দরের সহকারী রিভিউ কর্মকর্তা (এআরও) নুর আলম সিদ্দিকী বলেন, ৩৩৪ বস্তার কাগজপত্র ঠিক আছে। তবে কেন ডিবি আটকিয়েছে, সেটা তাঁর বোধগম্য হচ্ছে না।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ দাবি করেন, ৩৩৪ বস্তা নয়, তাঁরা ২৬০ বস্তা পেয়েছেন এবং কোনো কাগজপত্র দেখাতে না পারায় মালামাল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম বলেন, তাঁরা যতটুকু জানতে পেরেছিলেন, ওই পক্ষের কাছে কোনো কাগজপত্র ছিল না। তবে শনিবার একটি পক্ষ কাগজপত্র আছে বলে জানিয়েছে। সেগুলো সরবরাহ করার কথা থাকলেও এখনো পুরোপুরি দেয়নি। আর যদি বেশি পণ্য জব্দ করে কম দেখানো হয়ে থাকে, তাহলে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।