সিলেটটুডে ডেস্ক | ১৫ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত।
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে তার ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছিল।
শনিবার দিবাগত রাতে তার বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করা হয়। রোববার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার পর রাতে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশ।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শুক্রবারই পেয়েছি। মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেছে।
গত মঙ্গলবার ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এসপি জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাফতরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ছাড়া ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।
চট্টগ্রাম রেঞ্জ অফিস জানায়, গত মঙ্গলবার আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে তলব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। এই কর্মকর্তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠে।