Sylhet Today 24 PRINT

নভেম্বরের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০২৬

চলতি মাসের (নভেম্বর) শেষের দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, ‘মালয়েশিয়ায় কর্মী পাঠানোতে নির্ধারিত খরচের বেশি নিলে ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত মেডিকেলের তালিকা সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে আতিকুর রহমান মোজাহিদ জানতে চান, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বর্তমানে ৭-৮ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এ সমস্যার সমাধান কবে হবে এবং কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, তা মানুষ জানতে চায়। নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, এ বিষয়েও জানতে চাই।

জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সোমবার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আর আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে এবং সরকারি ব্যবস্থার বাইরে কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.