Sylhet Today 24 PRINT

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. সুরুজ জামান নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ জামান (৩৫) ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন সুরুজ জামান। পথে মজিদ মার্কেট সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন তার গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার বুকে একাধিক আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসারের অভিযোগ, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থী একটি ব্যবসায়ী গ্রুপের সঙ্গে সুরুজের বিরোধ চলছিল। এর জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.