Sylhet Today 24 PRINT

ইউনূস সরকারের ১৮ মাসে ১০ থেকে ১৪ লাখ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি

আন্তর্জাতিক গবেষকদের শ্বেতপত্র প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনামলে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ১০ থেকে ১৪ লাখ কোটি টাকা বা ৮০ থেকে ১১২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে একটি বিশেষ গবেষণামূলক শ্বেতপত্রে।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে এক আন্তর্জাতিক অনলাইন ওয়েবিনারের মাধ্যমে ৩০০ পৃষ্ঠার এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

‘কাউন্টিং দ্য ইকোনমিক কস্ট: আ হোয়াইট পেপার অন বাংলাদেশ আন্ডার দ্য ইউনূস-লেড ইন্টেরিম রেজিম’ (অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাপ: ইউনূস-নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বাংলাদেশের একটি শ্বেতপত্র) শীর্ষক এই প্রতিবেদনে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের অর্থনৈতিক, আর্থিক, প্রাতিষ্ঠানিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, দেশের প্রায় ১৭ কোটি জনসংখ্যার বিপরীতে এই ক্ষতির পরিমাণ মাথাপিছু ৪৭০ থেকে ৬৬০ মার্কিন ডলার। এ ছাড়া ২০২৫ অর্থবছরের প্রায় ৪৬০ বিলিয়ন ডলারের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় এই ক্ষতির অঙ্ক এক বছরের জিডিপির ১৭ থেকে ২৪ শতাংশের সমান। টাকার অঙ্কে এই পরিমাণ পদ্মা সেতুর মতো ৩০ থেকে ৪৫টি সেতু কিংবা মেট্রোরেলের মতো ৩০ থেকে ৪০টি প্রকল্পের ব্যয়ের সমান।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত চারজন আন্তর্জাতিক খ্যাতিমান শিক্ষক ও গবেষক যৌথভাবে এই শ্বেতপত্রটি প্রণয়ন করেছেন। তাঁরা হলেন—যুক্তরাজ্যে আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ে শিক্ষক ড. মামুনুর রশিদ, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলের শিক্ষক ড. সংগীতা গাজী, বিপণন ও ডিজিটাল অর্থনীতি গবেষক অধ্যাপক বিদিত এল. দে এবং করপোরেট ফাইন্যান্স ও আর্থিক বাজার বিশেষজ্ঞ ড. তাশফিন হুসেইন। ওয়েবিনার অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে যুক্ত ছিলেন অর্থনীতির অধ্যাপক ফ্রান্সেস্কো মোসকোনে।

গবেষকেরা জানিয়েছেন, প্রাথমিক খসড়ায় বিভিন্ন খাতের অভিন্ন ক্ষতি একাধিকবার যুক্ত হওয়ায় অঙ্কটি ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল। তবে চূড়ান্ত প্রতিবেদনে দ্বৈত গণনা বাদ দিয়ে সুনির্দিষ্ট ও তথ্যনির্ভর ক্ষতির হিসাব তুলে ধরা হয়েছে। খাতভিত্তিক ক্ষতির হিসাবে দেখা যায়: ব্যাংকিং ও আর্থিক খাতে সর্বোচ্চ প্রায় ৩১.৯ থেকে ৪২.১ বিলিয়ন (প্রায় ৩২–৪২ বিলিয়ন) ডলার; অর্থনৈতিক অব্যবস্থাপনা ও নীতিগত সিদ্ধান্ত খাতে প্রায় ২৭.৭ থেকে ৩৭.৯ বিলিয়ন (প্রায় ২৮–৩৮ বিলিয়ন) ডলার; বেসরকারি বিনিয়োগ ও ব্যবসায়িক অবকাঠামোয় প্রায় ১১.৬ থেকে ১৮.৫ বিলিয়ন (প্রায় ১২–১৯ বিলিয়ন) ডলার; প্রাতিষ্ঠানিক দুর্বলতা, সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, আইনের শাসনের অবনতি ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে প্রায় ৫.৩ থেকে ৮.৯ বিলিয়ন (প্রায় ৫–৯ বিলিয়ন) ডলার; এবং শিক্ষা, পর্যটন, পরিবেশ ও রেমিট্যান্সসহ অন্যান্য খাতে প্রায় ৩.১ থেকে ৪.৮ বিলিয়ন (প্রায় ৩–৫ বিলিয়ন) ডলার।

এ ছাড়া জ্বালানি ক্রয় চুক্তি, অবকাঠামো প্রকল্প এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি চুক্তির কারণে ২০২৬ সালের ফেব্রুয়ারির পর ভবিষ্যতে আরও প্রায় ১৬ থেকে ৩০ বিলিয়ন ডলারের আর্থিক দায় তৈরি হতে পারে বলে শ্বেতপত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গবেষকেরা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, সরকারি পরিসংখ্যান এবং বিভিন্ন প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে 'ট্রায়াঙ্গুলেশন' (একাধিক উৎসের মাধ্যমে তথ্য যাচাই) পদ্ধতিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

তারা জানান, প্রতিবেদনে উঠে আসা ক্ষতির পুরোটা সরাসরি নগদ আর্থিক ক্ষতি নয়; বরং ভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলে অর্থনীতি কতটা ভালো করতে পারত, সেই সম্ভাবনার সঙ্গে তুলনা করে এই অঙ্ক নির্ধারণ করা হয়েছে।

গবেষকদের দাবি, এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়; বরং নির্দিষ্ট একটি সময়ের অর্থনৈতিক পরিণতি ও রাষ্ট্রীয় জবাবদিহি মূল্যায়নের একাডেমিক উদ্যোগ। প্রতিবেদনে তাঁরা এটিও স্বীকার করেছেন যে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে থেকেই দেশের অর্থনীতিতে সংকট বিদ্যমান ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.