সিলেটটুডে ডেস্ক | ১৬ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায় দেখা গেছে, আকস্মিক পরিদর্শনের সময় সরকারি হাসপাতালগুলোর প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পান চিকিৎসকেরা।
গবেষণায় অনুমান করা হয়েছে, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে।
প্রতিবেদনে আরও উঠে এসেছে, কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে এবং কিছু সরঞ্জাম বাজার দরের ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনা হয়েছে।
রোববার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের ১৯১ পৃষ্ঠার দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিনের সম্পাদনায় প্রকাশিত প্রতিবেদনটিতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।
ডা. শামস বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়া অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা, তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা এবং অনিয়মকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতি দুর্নীতির পেছনে কাজ করছে।
তিনি বলেন, "শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; সততাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ করে তুলতে হবে।"
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু ব্যক্তিকে শাস্তি দিয়ে এ সংকটের সমাধান সম্ভব নয়। এ জন্য পুরো স্বাস্থ্যব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, দুর্নীতি শুধু আর্থিক অনিয়ম ও দরপত্র কারসাজির মধ্যেই সীমাবদ্ধ নয়; নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অন্তর্ভুক্ত।
রোগী পাঠানোর বিনিময়ে কমিশন বাণিজ্য
প্রতিবেদনে সরকারি হাসপাতালে সেবা নিতে গিয়ে রোগীদের প্রতিদিনের অভিজ্ঞতায় দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো।
এক ঘটনায় দেখা গেছে, অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ ওই ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ওই কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়।
প্রতিবেদনে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে পাঠানোর বিনিময়ে কমিশন বাণিজ্যের বিষয়টিও পর্যালোচনা করা হয়েছে। এতে অনুমান করা হয়েছে, দেশের বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। তবে এ হিসাবের স্বাধীনভাবে যাচাই প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি ও নিয়োগে রাজনৈতিক প্রভাব
গবেষণায় দেখা গেছে, আকস্মিক পরিদর্শনের সময় প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরবর্তী আরেকটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। প্রতিবেদনে দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া 'ভুতুড়ে চিকিৎসকদের' বিষয়টিও তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও উল্লেখ করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতার ঘাটতি
প্রতিবেদনে স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহির দুর্বলতাও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে প্রায় ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট।
পর্যালোচনার আওতায় থাকা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ জনগণের কার্যকর প্রতিনিধিত্ব পাওয়া যায়নি।
চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতা রয়েছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি, যা ২০২২-২৩ সালে বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে এ সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার উন্নতি হয়নি।
দুর্নীতি রোধে কাঠামোগত সংস্কারের সুপারিশ
স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে কমিশন নেওয়া আইনত নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ (বিএইচডব্লিউ)। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।
অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণের বিধানসংবলিত আইনি কাঠামো তৈরি, ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনে স্বাস্থ্যকর্মীদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা।
প্রতিবেদনে সরকারি কেনাকাটার সব তথ্য প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়ার ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব সংস্থার প্রধান হওয়ার সুযোগ বন্ধ করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোতে রোগী ও সাধারণ জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং একটি স্বাধীন আপিল ব্যবস্থা প্রতিষ্ঠার সুপারিশও করা হয়েছে।