Sylhet Today 24 PRINT

নেচেছি, বেশ করেছি: ঢাবি শিক্ষক মোনামি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২৬

নিজের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন মোনামি।

পোস্টে মোনামি লেখেন, দেশে যখন একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, তখন সেসবের পরিবর্তে আমার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে আমার নাচের ভিডিওটি হয়ে উঠল ‘খবর’।

ভিডিওটি কীভাবে ছড়িয়ে পড়েছে, সে বিষয়েও নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। মোনামি জানান, এক বন্ধুর শেয়ার করা একটি ভিডিও শুধু বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। পরে তিনি সেটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। তার ধারণা ছিল, বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যেই পোস্টটি সীমাবদ্ধ থাকবে। কিন্তু ভিডিওটি সংবাদমাধ্যমে পৌঁছে যাওয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশে মোনামি লেখেন, হয়তো কিছু অর্থ উপার্জনের জন্যই এমনটি করা হয়েছে। তবে আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা, তিনি যেন সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পান।

নিজের নাচ নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডে নান্দনিকভাবে নাচার জন্য তার বয়স কিংবা শারীরিক গঠন আদর্শ নাও হতে পারে। তবে নাচের ক্ষেত্রে একজন মানুষের বয়স ও শারীরিক গঠন কেন বিবেচনার বিষয় হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মোনামি আরও জানান, নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, এমন আশঙ্কা তার ছিল। তবে এ নিয়ে তিনি বিচলিত হননি। কারণ, অনুষ্ঠানটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদ। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার অনেক দিনের। ভবিষ্যতে আবারও এমন সুযোগ এলে তিনি একইভাবে আনন্দ প্রকাশ করবেন।

ওই অনুষ্ঠানে নেচে কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, নাচ ছিল আনন্দ প্রকাশের একটি মাধ্যম।

সবশেষে পোস্টে মোনামি লেখেন, একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.