Sylhet Today 24 PRINT

নাশকতার ‘নেপথ্যে’ ২৩ নেতা, আছেন সিলেটের কয়েকজনও

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২৬

ফাইল ছবি

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজনকে মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে দলটির শীর্ষ ও মধ্যম সারির আরও ১৯ নেতার নাম গোয়েন্দা তালিকায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, দলীয় নেতা এবং সহযোগী সংগঠনের নেতাদের নাম রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রের দাবি, নাশকতার পরিকল্পনা, অর্থায়ন, বিস্ফোরক সরবরাহ ও মাঠপর্যায়ে কর্মকাণ্ড পরিচালনায় কয়েকটি স্তরে একটি চক্র কাজ করছে। দেশের ছয়টি সীমান্তপথ ব্যবহার করে কয়লার চালানের আড়ালে বিস্ফোরক ও অস্ত্র আনা হচ্ছে বলেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এসব কর্মকাণ্ডে কয়েকজন পোশাক কারখানার মালিক ও প্রভাবশালী ব্যবসায়ীর অর্থায়নের অভিযোগও করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রোববার গণমাধ্যমকে বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত কেউই পার পাবে না। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চলমান অভিযান আরও কঠোর করা হবে।

চারজনকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত

গোয়েন্দা সূত্রের দাবি, নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নাম রয়েছে।

শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তালিকায় আরও ১১ জনের নাম রয়েছে। তারা হলেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিত সরকার, হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম বাবু, মাইনুল হোসেন খান নিখিল ও মির্জা আজম। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নামও রয়েছে।

মধ্যম পর্যায়ে নেতৃত্ব ও সমন্বয়ের অভিযোগে তালিকাভুক্ত আটজন হলেন- লিটন চৌধুরী, ইকবাল হোসেন অপু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা গাজী জাফর উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য শেখ নওশাদ সরোয়ার পিন্টু, তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ এবং মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী।

ছয় সীমান্তপথে বিস্ফোরক আনার অভিযোগ

গোয়েন্দা প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমশেরনগর ছাড়াও বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে কয়লার চালানের সঙ্গে বিস্ফোরক তৈরির উপাদান দেশে আনা হচ্ছে।

এসব উপাদান দিয়ে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলসহ দুর্গম এলাকায় ককটেল তৈরি করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। পরে রাজধানীর রূপনগর, কালশী, মোহাম্মদপুর বেড়িবাঁধ, বোটানিক্যাল গার্ডেন ও গুলিস্তান এলাকা থেকে এসব বিস্ফোরক দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, হাজী সেলিম, জাহাঙ্গীর কবির নানক ও জাহাঙ্গীর আলমের নাম অর্থদাতা ও সমন্বয়কারী হিসেবে উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জ অঞ্চলে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ইমন মিয়া এবং চট্টগ্রাম অঞ্চলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নাম রয়েছে।

নভেম্বরের প্রথম দুই সপ্তাহে তৎপরতা বেড়েছে

গোয়েন্দা ও দাপ্তরিক পরিসংখ্যানের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন তৎপরতা বেড়েছে। অক্টোবরে ৫৭টি কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলেও নভেম্বরের প্রথম ১৪ দিনে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৮১টিতে।

পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে ২২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটলেও নভেম্বরের প্রথম দুই সপ্তাহে হয়েছে ৪০টি। একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা চারটি থেকে বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে। নভেম্বরের প্রথম ১৪ দিনে অগ্নিসংযোগের একটি, কুশপুত্তলিকা দাহের পাঁচটি এবং আতশবাজি ফোটানোর ৪৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

এ ছাড়া অক্টোবরে দুটি মশাল মিছিল ও চারটি বিক্ষোভ মিছিলের তথ্য পাওয়া গেলেও নভেম্বরের প্রথম দুই সপ্তাহে মশাল মিছিল হয়েছে ১০টি এবং বিক্ষোভ মিছিল ১৫টি। মিছিল, জন্মদিন উদযাপন ও কেক কাটার ভিডিও অনলাইনে প্রচারের ঘটনাও বেড়েছে। অক্টোবরে এ ধরনের সাতটি ঘটনা থাকলেও নভেম্বরের প্রথম ১৪ দিনে তা বেড়ে ৩১টিতে দাঁড়িয়েছে।

গোয়েন্দা সূত্রের দাবি, গোপন বৈঠক, পোস্টারিং, দোয়া মাহফিল, কেক কাটা ও যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মতো কর্মসূচিও পালন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে এসব কর্মকাণ্ডের বেশির ভাগ রাতের আঁধারে বা ছোট পরিসরে পরিচালিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.