Sylhet Today 24 PRINT

হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান নাহিদের

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০২৬

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপির সংবর্ধনা অনুষ্ঠান শেষে লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হা্মলা ঘটনা ঘটেছে। দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ।

হামলার পর আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪/৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে এ সংঘর্ষে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে।
এদিকে, হামলাকারীদের আইনের আওতায় আনতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেন -আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।

নাহিদ লিখেন- ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।
আমরা স্পষ্ট করে বলতে চাই, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেন- আমরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা আজকের হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.