Sylhet Today 24 PRINT

গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কিছু অংশে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং গ্রেপ্তারদের ছিনিয়ে নেয়।

পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এতে নেতাকর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার টিয়ারশেল ছোড়ে। এতে কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা গ্রেপ্তার নেতাকর্মীদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যান। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে থানা থেকে পালিয়ে যান।

এখনও সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.