Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।’

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ৩৮ মিনিটের বক্তব্যে তিনি আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, দেশে-বিদেশে সন্ত্রাসী তৎপরতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান।

তারেক রহমান বলেন, সরকার যখন দেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরের চেষ্টা করছে, সংসদে আলোচনার মাধ্যমে একটি বাংলাদেশ গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই পতিত, পলাতক ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা বিদেশে, যেখানেই থাকুক, তাদের একটাই চরিত্র—তারা সন্ত্রাসী।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছিল, তা দেশবাসী দেখেছে। দুই দিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। এনসিপির নেতারা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও তাঁদের সঙ্গে কেমন আচরণ করা হয়েছে, তা দেখা গেছে। ইতালিতে বাংলাদেশের একজন নারী শিল্পীর ওপর বর্বরোচিত হামলার ঘটনাও দেশবাসী লক্ষ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তাঁর সন্ত্রাসীদের গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই নির্দেশ দেশবাসী দেখেছে। গণতন্ত্রকামী মানুষকে হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটি প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়।

তারেক রহমান বলেন, ‘তাহলে তারা কী? তাদের পরিচয় একটি—তারা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী।’ দেশে ও বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পরিচয় স্পষ্ট করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী রাজনীতিকে চ্যালেঞ্জ করেছে। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারেক রহমান বলেন, এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাবও স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় জনগণ অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানও কেউ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য ঘটায়নি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, স্পিকার নিজেও একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। একইভাবে ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন। অথচ সেই বাংলাদেশকে আবার তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে দেশে-বিদেশে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এই গোষ্ঠী।

এ পরিস্থিতিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকে ঠেকাতে এবং দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এখন দলমত-নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়াতে হবে। সংসদে প্রতিনিধিত্বকারী প্রতিটি গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরে থাকা গণতান্ত্রিক দলগুলোর প্রতিও তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই।’ তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া তিন দশক আগে যে আওয়াজ তুলেছিলেন, সেই আওয়াজ আবার তুলতে হবে—‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

তারেক রহমান বলেন, ‘আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব। আমাদের সংসদ, এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাঁবেদারের হাতে আমরা সঁপে দেব না।’

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী সবার উদ্দেশে আবারও বলেন, ‘আসুন, চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাদের আবার চব্বিশের চেতনায় মাথা গুঁড়িয়ে দিতে চাই।’ তিনি বলেন, যারা গোলামির জিঞ্জির নিয়ে আসে, সেই তাঁবেদারি শক্তিকে বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের মাথা গুঁড়িয়ে দেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.