Sylhet Today 24 PRINT

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের প্রতিষ্ঠানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হামলা-ভাঙচুর

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাসপাতাল ও কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচতলা ভবনের চতুর্থ তলা পর্যন্ত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। পঞ্চম তলাটি নির্মাণাধীন। নিচতলায় ক্লিনিকের বাম পাশের একটি বড় ঘরে সংসদ সদস্যের কার্যালয়।

রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভবনের সামনে এসে স্লোগান দিতে থাকেন। এরপর সেখানে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে তারা নিচতলায় হাসপাতাল ও সংসদ সদস্যের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়।

নিচতলায় ডায়াগনস্টিক সেন্টার, রিসিপশন ও চিকিৎসকদের চেম্বার। সেখানে ভাঙচুরের পর তিনটি চেয়ারসহ কিছু আসবাবপত্র ক্লিনিকের সামনে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ক্লিনিকের কর্মীদের অভিযোগ, হামলাকারীরা কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম লুট করেছেন। ভবনের দোতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত রোগীদের থাকার কেবিন। সেখানে যাননি হামলাকারীরা।

ভবনের তত্ত্বাবধায়ক খাইরুল ইসলাম বলেন, ক্লিনিকে তিনজন রোগী ভর্তি ছিলেন। কয়েকজন নার্স ছিলেন তাদের দেখাশোনার জন্য। ভাঙচুরের ঘটনার পর রোগী ও নার্সরা চলে যান। তবে কাউকে মারধর করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.