সিলেটটুডে ডেস্ক | ১৯ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাসাটির নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। পাশাপাশি নিচতলায় নিরাপত্তাকর্মীদের কক্ষ ভাঙচুর করেন হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাড়িটির নিরাপত্তাকর্মী মো. বিজয় বলেন, দুপুরে একদল লোক বাড়িটিতে ঢুকে পড়েন। ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেন তাঁরা। নিচতলায় থাকা আসবাব ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন। নিচতলার একটি কক্ষ ভাঙচুর করেন। কক্ষটি একসময় মেজবাউল আলম সাচ্চুর কার্যালয় ছিল বলে জানান তিনি।
মো. বিজয় বলেন, ভাঙচুরে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়েছে। তাঁরা কোন দলের নেতা–কর্মী, তা তিনি জানেন না।
হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনার বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, তিনি ঘটনা শুনেছেন। তবে মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বিস্তারিত খোঁজ নিতে পারেননি। এসব ঘটনায় ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে তা করা হবে। সূত্র: প্রথম আলো।