সিলেটটুডে ডেস্ক | ২২ নভেম্বর, ২০২৬
‘আমি তো জানি সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, এ দেশের লোক যেভাবে আমাদেরকে ভোট দিয়েছেন, অনেক প্রত্যাশা নিয়ে দিয়েছেন। ১০ বছরের গ্যারান্টি দিয়ে দিলাম। আগামী ১০ বছরেও বর্তমান সরকার পরিবর্তন হবে না। সুতরাং লোকেরা এখন জানে যা করার বিএনপিই করবে।’ মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের প্রসঙ্গে সেলিম ভূঁইয়া বলেন, 'তাকে আটকের পর অনেকেই সমালোচনা করছেন। একজন বয়স্ক মানুষকে আটক করা নিয়ে প্রশ্ন তুলছেন। অথচ বিএনপি নেতা এম কে আনোয়ারকেও ৮৬ বছর বয়সে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। তাকে ধরে ধরে আদালতে ওঠানো হতো, এমনকি হ্যান্ডকাফও পরানো হয়েছিল।'
নিজের রাজনৈতিক জীবনে নির্যাতনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমাকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের মাধ্যমে তুলে নেওয়া হয়েছিল। এমনকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগও আনা হয়েছিল। এসব অভিজ্ঞতা আমরা ভুলে যাইনি। আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চান না। তবে কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই।'
শিক্ষাব্যবস্থায় বিগত ১৭ বছরে ইতিহাস বিকৃতির অভিযোগ করে তিনি আরও বলেন, 'আমরা শিক্ষাব্যবস্থায় একটা আমূল পরিবর্তন করতে চাই। আপনারা এখন শিখাবেন। আগে শিখাইতো। এই ১৭ বছর শিখাইছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা। এই বই পুস্তকে মিথ্যা কথাগুলো কিন্তু আমার মতো শিক্ষকই লেখছে। আপনার মতো একজন শিক্ষকই লেখছে, টেক্সটবুক বোর্ডে যে এগুলোকে ভাড়া করে নেওয়া হইতো তারা এগুলো লিখতো। এই মিথ্যা কথা শিখানো হয়েছে। শেখ মুজিব যদি জাতির পিতা হতো, ১৯৭৪ এর দুর্ভিক্ষে না খেয়ে মানুষ রাস্তায় মরে পড়ে থাকতো না। লাশ দাফন করার কেউ ছিল না।'
ওই সময়ের নিজের দেখা অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, 'দুর্ভিক্ষের সময় আমি এসএসসি পাস করে ঢাকা গিয়েছি কলেজে ভর্তি হওয়ার জন্য, ঢাকা কলেজে ভর্তি হওয়ার জন্য। কমলাপুর রেলস্টেশনের আশেপাশে থাকতাম। কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন দেশের লোক এসে কমলাপুরে নামতেন। দেখছি, হাড্ডিসার মানুষগুলার অবস্থা। কমলাপুরে অনেকগুলো হোটেল ছিল। ওই হোটেলের ড্রেন থেকে হাড্ডি তুলে সেই হাড্ডি চুষতে আমি দেখেছি। হাড্ডিতে তো কোনো মাংস ছিল না। হাড্ডিতে ছিল ময়লা পানি। ময়লা পানি চুষত। একটু পরে দেখি একটা কুকুর এসে ছুবলে এসে হাড্ডিটা নিয়ে গেল। এই লোকটা আবার কুকুরের পিছে পিছে যাচ্ছে। আবার দেখেছি একটা হাড়ে একদিকে কুকুর টানছে, আবার আরেকদিকে ওই হাড্ডিসার মানুষটা টানছে।'
শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়ে তিনি বলেন, 'আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্য টাকা যা লাগে তাই দিব। কিন্তু টাকা এখানে বিষয় না। বিষয় হলো, উনি আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্বগুলো কী? অনেকে আছেন, ছাত্র নাই, পাঁচজন ছাত্র, মাদ্রাসা চলাচ্ছেন। শিক্ষক এক্ষেত্রে মনে করেন ১০ জন, ছাত্র পাঁচজন। অনেক স্কুল আছে, ছাত্র নাই, শিক্ষক আছে অনেক। ঢাকা শহরে কিছু কলেজ আছে আমি জানি, টোটাল কলেজের ছাত্র তিনজন। তাইলে এই তিনজন ছাত্রের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইলেকটিভ ম্যাথ, পরিসংখ্যান, আইসিটি, কয়েকটা বিষয়ের প্রফেসর নিয়োগ দেওয়া আছে। তাহলে এটা কি রাষ্ট্রের অপচয় না? এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান যেগুলো আছে, সেগুলোও...। শিক্ষক যারা এসেছেন তাদের তো কোনো দোষ নাই, তারা চাকরি করতে এসেছেন।'
'এনটিআরসিএ হলো জাল সার্টিফিকেট দেওয়ার কারখানা'
সেলিম ভূঁইয়া বলেন, 'এনটিআরসিএ হলো জাল সার্টিফিকেট দেওয়ার একটা কারখানা। এ পর্যন্ত কয়েক হাজার জাল সার্টিফিকেট তারা দিয়েছে ফ্যাসিস্ট সরকারের সময়। এজন্য আমরা চাচ্ছিলাম, একটা পাবলিক সার্ভিস কমিশন। এই পাবলিক সার্ভিস কমিশন দিয়ে শিক্ষক নিয়োগটা দিয়ে দিতে। যতক্ষণ পাবলিক সার্ভিস কমিশন না হবে, ততক্ষণ ম্যানেজিং কমিটির গভর্নিং বডি দিতে পারবে। যেহেতু আইনে আছে। ম্যানেজিং কমিটির গভর্নিং বডি এরা হয়তো ঘুষ খায়, কিন্তু সার্টিফিকেট জাল তো এরা করতে পারে না। কিছু লোক ঘুষ খায়, সবাই তো খায় না। তবুও তো নিজের এলাকায় আপনার চাকরিটা হলো, এনটিআরসিএর এই সমস্যাটা হবে না। (এনটিআরসিএ) রাঙ্গামাটিকে নিয়া দিবে দিনাজপুর, ঠাকুরগাঁওকে নিয়া দিবে খাগড়াছড়ি। এজন্য আমরা বলেছিলাম।'
তিনি আরও বলেন, 'যারা এনটিআরসিএ হয়েছে, এনটিআরসিএ তাদের চাকরি দিয়েছে। যদিও আইনে এটা কোথাও লেখা নাই। এনটিআরসিএ চাকরি দেওয়ার কোনো ক্ষমতা নাই, আইনের কোথাও নাই। ওনারা একটা প্রজ্ঞাপনের কথা বলে। জাতীয় সংসদে যে আইন পাস হয়; সে আইনকে রহিত করতে হলে, জাতীয় সংসদে আরেকটা আইন পাস করতে হয়। প্রজ্ঞাপন দিয়ে ওই আইনের ব্যত্যয় ঘটানো যাবে না। আমরা তো এগুলো বুঝি।'
নারী শিক্ষকদের দূরে চাকরির কারণে অনেক পরিবার ভেঙে যাচ্ছে। অনেকে পারিবারিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে তিনি বলেন, 'অনেক মহিলার এখন ওই (দূরে) চাকরি করতে গিয়ে ডিভোর্স হয়ে গেছে। এটা অন্তত মানবিক উদ্যোগে হলেও তো প্রয়োজন মহিলাদের নিজ নিজ উপজেলায় যেখানে খালি আছে সেখানে দিয়ে দেওয়া। এটা কেন আমরা করতে পারছি না। আমি শিক্ষা সচিব সাহেবকে বলেছি, শিক্ষকদের বদলি নিয়ে আপনারা অবহেলা করবেন না। এটার সাথে সাড়ে ছয় লক্ষ শিক্ষকের ভাগ্য জড়িত।'
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।