সিলেটটুডে ডেস্ক | ২২ নভেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক চার জ্যেষ্ঠ নেতা রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত (বেনাপোল সীমান্তের ভারতীয় অংশ) এলাকা পরিদর্শন করেছেন বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।
খবরে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য রুট নির্ধারণেই তাদের এই সফর।
এই সফরের পর ইমিগ্রেশন এলাকায় প্রায় দুই ঘণ্টার একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
খবরে আরও বলা হয়েছে, ওই প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী নানকের বিচার চলছে। অন্যদিকে, অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় বাহাউদ্দিন নাছিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই নেতারা সকাল ৯টার দিকে কলকাতার নিউ টাউন এলাকা থেকে রওনা দিয়ে দুপুর প্রায় ২টার দিকে বেনাপোল সীমান্তের বিপরীত পাশে পেট্রাপোলে পৌঁছান। এরপর বিকেল পৌনে ৪টার দিকে তারা ফিরতি পথে কলকাতার উদ্দেশে রওনা হন।
খবরে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ নেতারা আগরতলা-আখাউড়া সীমান্তসহ ত্রিপুরার বিকল্প পথগুলো ঘুরে দেখতে পারেন। আগামী মঙ্গলবার ত্রিপুরা সীমান্ত এবং পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত সংযোগকারী পথটি তাদের পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে।