সিলেটটুডে ডেস্ক | ২৩ নভেম্বর, ২০২৬
নেত্রকোনার মদন পৌর এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সৃষ্ট মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাইযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের মোড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলাইযোদ্ধা আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় গুলিতে চোখ হারিয়েছিলেন তিনি। পরে তাকে জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় সরকার। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (২০) আটক করা হয়েছে। তিনি পৌর এলাকার বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভায় চলাচলরত যাহবাহন থেকে টোল আদায়ের জন্য পৌরসভা থেকে ইজারা নেন রায়হান আহমেদ নামের এক ব্যক্তি। সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে মদন আসার পথে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে টোল আদায়কারী আতিকুল ইসলামের সঙ্গে অটোরিকশা চালকের বাগবিতণ্ডা ও মারামারি হয়। ওই সময় সিএনজি অটোরিকশায় থাকা জুলাইযোদ্ধা আব্দুল বারেক গাড়ি থেকে নেমে মারামারি থামাতে যান। তখন টোল আদায়কারীর ঘুষিতে আহত হন। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।
অটোরিকশার চালক জানিয়েছেন, জুলাইযোদ্ধা আব্দুল বারেক রবিবার চিকিৎসার জন্য ময়মনসিংহে যান।চিকিৎসা শেষে সোমবার সিএনজি অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। চানগাঁও ইউনিয়নের মোড়লবাড়ি এলাকায় দুপুর ১২টার দিকে পৌঁছালে পৌরসভার ইজারা আদায়কারী আতিকুল চালকের কাছে ইজারার টাকা দাবি করেন। তখন চালক জানান তার কাছে খুচরা টাকা নেই। এ অবস্থায় আব্দুল বারেক এক হাজার টাকার একটি নোট দেন। ওই টাকা নিয়ে আতিকুল চলে যাওয়ার সময় অবশিষ্ট টাকা ফেরত চান চালক। কিন্তু আতিকুল টাকা ফেরত না দেওয়ায় চালকের সঙ্গে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। একপর্যায়ে আব্দুল বারেক তাদের মারামারি থামাতে গেলে আতিকুল তাকে ধাক্কা ও ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেন। এতে আব্দুল বারেক অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলেন, ‘আব্দুল বারেক সরকারি তালিকাভুক্ত জুলাইযোদ্ধা। জুলাই গণঅভ্যুত্থানে একটি চোখ হারিয়েছিলেন, সেই থেকে তার চিকিৎসা চলছিল। চিকিৎসা শেষে আজ বাড়ি ফেরার পথে মারামারি থামাতে গিয়ে টোল আদায়কারীর ঘুষিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পেয়েছি আমরা। এ ঘটনায় জড়িত টোল আদায়কারী আতিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’