Sylhet Today 24 PRINT

মুফতি রুহুল আমীনের নিঃশর্ত মুক্তি দাবি আল-হাইআতুল উলার

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গা বাংলাদেশের সভাপতি এবং জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সাবেক খতিব হযরত মাওলানা মুফতি রুহুল আমীনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে আল-হাইআতুল উলয়া।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) আল-হাইআতুল উলার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের সভাপতিত্বে ছয় বোর্ডের প্রতিনিধিদের এক সভায় এই দাবি ও উদ্বেগ জানানো হয়। সংগঠনের অফিস ব্যবস্থাপক মাওলানা মু: অছিউর রহমান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর নিজ বাসা থেকে মুফতি রুহুল আমীনকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালত তাঁকে ৫ দিনের রিমান্ডে পাঠান। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আল-হাইআতুল উলয়া জানায়, কওমি মাদরাসার শিক্ষা ও সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এই আলেম ও শিক্ষাবিদের গ্রেপ্তার এবং রিমান্ডে আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী ও দ্বীনি জনতা উদ্বিগ্ন ও ব্যথিত।

সরকারের প্রতি আল-হাইআতুল উলার আহ্বানগুলো হলো: মুফতি রুহুল আমীনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে; তাঁর প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে; এবং দেশের আলেম-উলামার মর্যাদা রক্ষা করতে হবে।

সংগঠনটি আশা প্রকাশ করে যে, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। পাশাপাশি ধৈর্য ও সংযমের সঙ্গে মুফতি রুহুল আমীনের সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সহসভাপতি হযরত মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মহাসচিব হযরত মাওলানা মাহফুজুল হক, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ-এর সহকারী মহাসচিব হযরত মাওলানা এনামুল হক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা মুফতি এনামুল হক, জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী এবং আল-হাইআতুল উলার অফিস ব্যবস্থাপক মাওলানা মু. অছিউর রহমান।

উল্লেখ্য, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ হলো বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদীস (তাকমীল) স্তরের সরকারি স্বীকৃত সম্মিলিত শিক্ষা বোর্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.