সিলেটটুডে ডেস্ক | ২৪ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রয়টার্সের শেষ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার খবর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় অর্থ খরচ করে লোক ভাড়া করে অনেক কিছুই লেখানো যায়। কিন্তু আকাঙ্ক্ষা আর বাস্তবতা দুটি ভিন্ন বিষয়—এই দুটির মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনও সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরতে দেওয়া হবে না।
তিনি বলেন, কল্পনায় বা দুঃস্বপ্নে কেউ ভাবতেই পারেন যে, তিনি হেঁটে হেঁটে বা বিমানে চড়ে বাংলাদেশে চলে আসছেন। কিন্তু না, তিনি কোনও সাধারণ যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব। এটুকুই বাস্তবতা।