Sylhet Today 24 PRINT

খুলনায় ৩য়বারের মতো আঁকা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০২৬

খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দ্বিতীয়বারের মতো কালো রং দিয়ে বিকৃত করার পর আবার নতুন করে আঁকা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে প্রতিকৃতিটি পুনরায় আঁকার কাজ শেষ হয়।

এর আগে, গত রোববার (২২ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো রং লেপনের বিষয়টি নজরে আসে। তবে একই দেয়ালে আঁকা অন্য জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতিগুলো অক্ষত ছিল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীরে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতির পাশাপাশি জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র আঁকা হয়েছে। সেখানে রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদির প্রতিকৃতি।

এর আগে, গত ৬ নভেম্বর একই দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করে দুর্বৃত্তরা। পরদিন ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। দুই সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতি দ্বিতীয়বারের মতো বিকৃত করার ঘটনা ঘটে। ওই সময় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছিলেন, ‘দুর্বৃত্তরা যতবার মুছবে, ততবার আমরা আঁকব।’

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে রেজা আর্টের রেজাউল করিম রেজা প্রতিকৃতিটি নতুন করে আঁকার কাজ শুরু করেন। বিকেলের মধ্যেই কাজ শেষ হয়। প্রতিকৃতিটি পুনরায় আঁকার ব্যয় সিটি করপোরেশনের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.