Sylhet Today 24 PRINT

একদিনে সাত স্থানে গুলি, আওয়ামী লীগ নেতা নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০২৬

খুলনা মহানগরে মঙ্গলবার এক দিনেই পৃথক সাতটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ছাড়া পরিবহন ব্যবসায়ীর বাড়ি, রেস্টুরেন্ট ও চায়ের দোকান লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ রাত ৯টার দিকে লবণচরায় একটি বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরের দৌলতপুর থানাধীন কল্পতরু মার্কেট এলাকায় আব্দুল হালিমকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত হালিম খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি একই ওয়ার্ডের যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। কেসিসির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন তিনি।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হালিমকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি তাঁর মাথায়, একটি বুকে এবং অন্যটি চোখের কোণে লাগে। তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

হালিমের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, কারা এবং কী কারণে তাঁকে গুলি করেছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরের লবণচরা থানাধীন মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাড়ির জানালার কাচে গুলির আঘাতের চিহ্ন তৈরি হয়।

বিকেলে নগরের সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে গুলি চালায় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনার পর মুঠোফোনে রেস্টুরেন্টের মালিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গত এক মাসে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তাঁরা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের আড়ংঘাটা থানাধীন শলুয়া সুইস গেট এলাকায় পানুর চায়ের দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে মুখোশধারী দুর্বৃত্তরা। তারাও মোটরসাইকেলে এসেছিল। এ সময় প্রাণ বাঁচাতে দোকানে থাকা লোকজন নদীতে ঝাঁপ দেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

সর্বশেষ রাত আনুমানিক ৯টার দিকে লবণচরা থানাধীন পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসী প্রিন্সের শ্বশুর আব্দুল জলিল আকনের বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একই দিনে খুলনা মহানগরের পাঁচটি পৃথক স্থানে গুলির ঘটনায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সকালে নগরীর বেলায়েত হোসেন সড়কে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। স্থানীয় সূত্র জানায়, কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে গুলি ছোড়া হয়। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগে। এতে কেউ আহত হননি।

এদিকে রাত ৮টার পর ফুলবাড়ীগেট এলাকায় সোনালী জুট মিলের সামনে গুলির শব্দ শোনার খবর পাওয়া যায়। তবে পুলিশ সেখানে গুলির কোনো খোসা পায়নি। শব্দটি গুলির, নাকি অন্য কিছুর, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, এসব ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.