নিজস্ব প্রতিবেদক | ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
'এই তোদের ঠিকানা দে, পিটিয়ে টুডেকে টুমরো বানিয়ে দেবো'- এমন হুমকি দিয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন গাজী টিভির (জিটিভি) ক্রীড়া সাংবাদিক জাওয়াদ হোসেন নির্ঝর।
ফেসবুকে এক ব্লগারকে হুমকি প্রদানের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় এমন হুমকি দেন জাওয়াদ। এসময় তিনি সংশ্লিস্ট প্রতিবেদককে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালিও করেন।
ফেসবুকে সাম্প্রদায়িক হামলার হুমকি প্রদানের অভিযোগে জাওয়াদ হোসেনের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মিঠুন কুমার মজুমদার নামের এক ব্লগার। এ নিয়ে মঙ্গলবার 'সাংবাদিকের সাম্প্রদায়িক হামলার হুমকি পেয়ে ব্লগারের জিডি' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম।
এই সংবাদের জন্যে প্রথমে মোবাইল ফোনে তাঁর বক্তব্য নেওয়ার সময় এবং সংবাদ প্রকাশের পর সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম'কে একাধিকবার ফোনে অশ্লীল ভাষা ব্যবহার করে হুমকি দেন। তিনি বলেন, 'এই তোদের ঠিকানা দে, পিটিয়ে টুডেকে টুমরো বানিয়ে দেবো'।
নির্ঝর সিলেটটুডের সম্পাদকের নাম ও ঠিকানা জানতে চেয়ে দম্ভোক্তি করে বলেন, ডিবি (গোয়েন্দা পুলিশ) আমার সাথে আছে। আমি পিটিয়ে ভর্তা বানিয়ে দেবো।
"...পুলা জাতীয় মিডিয়ার খবর নাই আইছে ...সিলেটটুডে, ঢাকা এলে মেরে টুডেকে পিটিয়ে ভর্তা বানিয়ে ... দিয়ে ঢুকিয়ে টুমরো করে দিব", বলে হুমকি দেন গাজী টেলিভিশনের (জিটিভি) এই সাংবাদিক।
নির্ঝর নিজেকে জাতীয় সাংবাদিক দাবি করে বলেন, 'আমার বায়োডাটা দ্যাখ, আমি কি করতে পারি বুঝাব। তোরা টাকার জন্যে ফোন দিছিস, ধান্দাবাজি করস? আমি হুমকি দিলে তোদের কি, তোরা কি জাতীয় মিডিয়া?'
এসব নিউজ দিয়ে কিছু হবে না। তবে তিনি দাবি করেছেন মিঠুন মজুমদার তার পূর্ব পরিচিত।
এদিকে, শাহবাগ থানায় গাজী টিভির (জিটিভি) ক্রীড়া সাংবাদিক জাওয়াদ হোসেন নির্ঝরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা মিঠুন কুমার মজুমদার স্বীকার করে বলেছেন তারা পরস্পরের পরিচিত। এবং এ পরিচয়ের সূত্র ধরে তিনি বেশি আতঙ্কিত বলেও জানিয়েছেন।
ঢাকা কলেজের রসায়ন বিভাগের মাস্টার্স শিক্ষার্থী মিঠুন মজুমদার বলেছেন, "এই সাংবাদিক আমার পূর্ব পরিচিত। আমাদের গ্রামের বাড়িও একই এলাকায় হওয়ায় তার হুমকি আমি সাধারণভাবে নিতে পারছিনা। আমি আতঙ্কিতবোধ করছি, জিডি প্রত্যাহার করে নেয়ারও চাপ আসছে"।
উল্লেখ্য, সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে মিঠুন মজুমদার তার ফেসবুক টাইমলাইনে "ফাল্গুনী পূর্ণিমা খুব ভয়ংকর। এই পূর্ণিমার চাঁদেই সাঈদী সাপের মুখ দেখা যায়। সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙা হয়। কিন্তু কোন বিচার হয়না।" আর এতেই সাম্প্রদায়িক উস্কানি সহ হামলার হুমকি দিয়ে জিটিভি'র সাংবাদিক জাওয়াদ হোসেন নির্ঝর লিখেন - "তোদের মতো টিপিক্যাল সংখ্যালঘুরা এই দেশে ঝামেলাগুলা ক্রিয়েট করস"।
নির্ঝর আরও লিখেন, "তোদের মতো ২/৪ টা ফালতু হিন্দু পিটাইলে সংখ্যালঘু নির্যাতন হয়না।"
এর প্রেক্ষিতে মিঠুন মজুমদার নিজের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। সাধারণ ডায়েরি নং -১৫২০।