Sylhet Today 24 PRINT

সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০২৬

সিলেট ও চট্টগ্রাম বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের আওতায় দুই বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়ানো ও আধুনিকায়নের কাজ করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের একনেকের অষ্টম সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

এছাড়া স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ ও বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রকল্পগুলোর বিষয়ে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও আধুনিকায়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা।

অন্য প্রকল্পটির আওতায় ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়ানো হবে। এতে ব্যয় হবে ৪ হাজার ৬০১ কোটি ৭ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।

স্বাস্থ্য খাতেও কয়েকটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী রয়েছে। এ ছাড়া যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও সংশ্লিষ্ট ভবন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং জাতীয় গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পাবনা, চট্টগ্রাম ও কক্সবাজার এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার জন্য তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ প্রকল্পের চতুর্থ সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপকূলীয় বেড়িবাঁধের ৬৪/২এ ও ৬৪/২বি অংশ পুনর্বাসন প্রকল্পও অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানিসম্পদ মন্ত্রণালয়।

এ ছাড়া চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের চতুর্থ দফায় মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.