Sylhet Today 24 PRINT

মায়ের দেখা না পেয়েই মারা গেলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশু তূর্য

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০২৬

কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। মা কারাগারে বন্দি থাকা অবস্থায় মারা গেছে শিশুটি। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুর আগে মায়ের সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছা থাকলেও কাশিমপুর কারাগার দূরবর্তী হওয়ায় তা আর পূরণ হয়নি।

বর্তমানে তূর্যের মরদেহ আজিমপুরের বাসায় একটি ফ্রিজিং ভ্যানে রাখা হয়েছে। তবে প্যারোলে মুক্তি না মিললে মরদেহ কাশিমপুর কারাগারের সামনে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন স্বজনরা।

পারিবারিক তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে থাকত।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে গত ৩ অক্টোবর গভীর রাতে লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আটকের আগে নিজ বাসায় কয়েক দিন ধরে ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন তিনি ও তার আইনজীবী। শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী হওয়ায় পারিবারিক বিরোধের সূত্র ধরে তৈরি হওয়া পরিস্থিতি দ্রুত রাজনৈতিক মারপ্যাঁচে রূপ নেয় বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দায়িত্বের কথা জানিয়ে শারমিন সুলতানার কান্নাজড়িত আকুতি এবং শেষ পর্যন্ত মায়ের সান্নিধ্য ছাড়াই সন্তানের মৃত্যুর ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.