Sylhet Today 24 PRINT

পদ্মা সেতু এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষে আরও একজনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে মাদারীপুরের শিবচরের নিজামউদ্দিন মৃধা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাবি করেছেন, নিহত নিজামউদ্দিন আওয়ামী লীগের কর্মী ছিলেন।

রোববার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুসংলগ্ন শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, লকডাউনের সমর্থনে আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করে গুলি ছোড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে পদ্মা সেতুসংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরার নাওডোবা অংশে লকডাউনের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ছিল। মিছিল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভোরে ওই এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাজিরা উপজেলার এক যুবলীগ কর্মী ও শিবচরের কুতুবপুর এলাকার নিজামউদ্দিন মৃধাসহ কয়েকজন আহত হন। তাদের মধ্যে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হয়েছিলেন।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের মিছিল থেকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মাভ্যালি রেস্টুরেন্ট, বিএনপির অস্থায়ী প্যান্ডেল ও বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি সাগর মোড়ল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজামউদ্দিনের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, আমরা আমাদের একজন ভাইকে হারালাম। শিবচর উপজেলা হারাল একজন স্বার্থহীন বীরযোদ্ধাকে।

মাদারীপুরের শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনাস্থল জাজিরার নাওডোবা এলাকায়। সেখানে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিবচর উপজেলার এক বাসিন্দা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন বলে জানতে পেরেছি। যেহেতু ঘটনাস্থল জাজিরা থানার অধীন, তাই এ বিষয়ে ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, বর্তমানে পদ্মা সেতু এলাকা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যানমালের নিরাপত্তায় বিভিন্ন স্থানে পুলিশের টহল রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.