Sylhet Today 24 PRINT

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষ অন্তঃকলহ থেকে হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফজরের নামাজের পরে অনেকগুলো লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তাদের মধ্যে অন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্ব হয়েছে বা সংঘর্ষ হয়েছে বলে আমি শুনেছি। এখনো আমরা বিস্তারিত তদন্ত করিনি। দুইজনের প্রাণহানি হয়েছে বলে শুনেছি।

‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য ফোর্স যথেষ্ট ধৈর্যের সঙ্গে কৌশলে পরিস্থিতি মোকাবিলা করছে। এখন ওখানে পরিস্থিতি শান্ত,’ বলেন তিনি।

ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা রুটিন ওয়ার্কের অংশ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এগুলো রুটিন ওয়ার্ক। এই জাতীয় যেকোনো ধরনের পরিস্থিতিতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে।’

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা সরকারের আছে কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘কোনো পরিকল্পনা নাই।’

সার্বিক পরিস্থিতিতে মানুষের মনে কোনো শঙ্কা নেই বলেও জানান সালাহউদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.