নিউজ ডেস্ক | ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
বগুড়ায় এক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রাইভেটকার থেকে চার রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল ও অফিস থেকে ১১টি হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করে পুলিশ।
বুধবার শাজাহানপুরের ওমরদীঘি বাজার এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীনের গাড়ি ও অফিস থেকে এসব অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।
আটক দুজন হলেন- খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলীর ছেলে স্বেচ্ছাসেবক লীগ কর্মী আসাদুজ্জামান ও একই ইউনিয়ন বিএনপির আহবায়ক ও ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক উজ্জ্বল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল পৌনে ৫টার দিকে ওমরদীঘি বাজার এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও খরনা ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ভিপি শাহীনের নেতৃত্বে ৪০/৪৫ জন দুর্বৃত্ত টেংগামাগুর এলাকায় প্রতিপক্ষের ওপর হামলা চালাতে যাচ্ছিল।
গোপনে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। ভিপি শাহীন ও অন্যরা পালিয়ে গেলে তার প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩-৩৬৫৭) থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও পাশে তার ব্যক্তিগত অফিস থেকে ১১টি তাজা ককটেল, একটি বিদেশী ছোরা এবং ৩৩টি লাঠি উদ্ধার করা হয়।
এ সময় তার সহযোগী আসাদুজ্জামান এবং প্রাইভেটকারসহ বিএনপি নেতা ফজলুল হক উজ্জ্বলকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহীনকে প্রধান আসামি করে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে।