সিলেটটুডে ডেস্ক | ৩০ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
গোয়েন্দা পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ডিবি।
স্বপন ভট্টাচার্য ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
দশম জাতীয় সংসদে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন। পরবর্তী সময়ে একাদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।