Sylhet Today 24 PRINT

মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানে স্পিকারের মন্তব্য নিয়ে বিবৃতি: ১৮২ জনের ৩ জনের নাম প্রত্যাহার

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

পাকিস্তান সফরে গিয়ে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের মন্তব্যের প্রতিবাদে প্রকাশিত ১৮২ নাগরিকের যৌথ বিবৃতিতে থাকা তিন জন নিজেদের সম্মতির বিষয়ে ভিন্নমত জানিয়েছেন। তারা বলছেন, এ বিষয়ে তারা আগে থেকে অবগত ছিলেন না। এদিকে, বিবৃতিপ্রেরক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

কানাডার কার্লটন ইউনিভার্সিটির শিক্ষক ও গবেষক মাহমুদ হাসান রোববার এক ‘স্পষ্টীকরণ’ বার্তায় দাবি করেছেন, বিবৃতিটি সম্পর্কে তিনি অবগত নন এবং এতে সম্মতিও দেননি। খবর বিডিনিউজের।

এছাড়া যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের নৃবিজ্ঞান ও উন্নয়ন বিষয়ের অধ্যাপক ডেভিড লুইসও এক ফেসবুক পোস্টে এ বিবৃতিতে সম্মতি দেননি বলে জানিয়েছেন। ওই বিবৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকার কথা বলেছেন।

বিবৃতিতে এসব ব্যক্তির নাম না থাকার বিষয়ে শনিবার সংবাদমাধ্যমে বিবৃতি প্রেরকদের একজন কবি মীর রবি বলেছেন, পূর্ব সম্মতি ধরেই একজন সমন্বয়কারী নামগুলো পাঠিয়েছিলেন এবং আপত্তির মুখে সংশ্লিষ্টদের নাম প্রত্যাহার করা হচ্ছে। কারও পক্ষ থেকে আপত্তি আসার বিষয়ে ‘আন্তরিকভাবে দুঃখ’ প্রকাশ করে তিনি বলেছেন, “আমরা তাদের নাম প্রত্যাহার করছি এবং ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করব।”

শনিবার প্রকাশিত ওই বিবৃতিতে দেশি বিদেশি বিভিন্ন অঙ্গনের ১৮২ জন নাগরিকের নাম স্থান পায়। বিবৃতিদাতাদের তালিকায় দেশি-বিদেশি শিক্ষক, গবেষক, লেখক, শিল্পী ও মানবাধিকারকর্মীদের পাশাপাশি মাহমুদ হাসান, ও ডেভিস লুইসের নামও ছিল।

এ বিষয়ে মাহমুদ হাসান লিখিত বার্তায় বলেন, কয়েক মাস আগে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে ‘ঢালাও অভিযোগ ও তদন্তের বিষয়ে’ উদ্বেগ জানিয়ে প্রকাশিত একটি বিবৃতিতে স্বাক্ষরকারী অনেক দেশি-বিদেশি শিক্ষক, গবেষক, লেখক ও মানবাধিকারকর্মীর নাম বর্তমান তালিকায় রয়েছে। তার ভাষ্য, আগের বিবৃতিটি ছিল মূলত একাডেমিক স্বাধীনতা ও শিক্ষকদের হয়রানির বিষয়ে, যার সঙ্গে বর্তমান বিবৃতির বিষয়বস্তু ও প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।

পাকিস্তানের স্পিকারের বক্তব্য নিয়ে তিনি বলেন, উল্লিখিত বিবৃতির বিষয়ে আমি অবগত নই। বিবৃতিতে স্বাক্ষর করিনি, এতে আমার নাম অন্তর্ভুক্ত করার সম্মতিও দিইনি।

এদিকে, বিবৃতি প্রেরকদের একজন মীর রবি বলেন, তার পূর্ব সম্মতি ধরেই আমাদের একজন বিবৃতি সমন্বয়কারী নামগুলো পাঠিয়েছিল। কিন্তু বিবৃতি প্রকাশের পর কেউ কেউ আপত্তি জানাচ্ছেন। আমরা তাদের আপত্তিকে আমলে নিয়ে তাদের নাম সরানোর আহ্বান করছি।

বিবৃতির বিষয়ে কানাডা প্রবাসী সাংবাদিক ও লেখক আবদুল্লাহ আল ইমরান বলেন, এই বিবৃতির বিষয়ে আমি অবগত ছিলাম না। এতে স্বাক্ষর করিনি অথবা আমার নাম অন্তর্ভুক্ত করার সম্মতিও কাউকে দিইনি। আরও কয়েকজনের কাছ থেকে একই অভিযোগ এসেছে। ফলে এটি নিছক ভুল, নাকি পরিকল্পিত প্রতারণা বা উদ্দেশ্যপ্রণোদিত অন্তর্ঘাত, তা পরিষ্কার নয়।

তিনি বলেন, অতীতের কোনো বিবৃতিতে স্বাক্ষর করার অর্থ এই নয় যে, ভিন্ন বিষয়ে আমার নাম ব্যবহারের অনুমতি রয়েছে। সম্মতি ছাড়া এভাবে কারও নাম ব্যবহার শুধু অনৈতিকই নয়, তার পেশাগত বিশ্বাসযোগ্যতাকেও ক্ষুণ্ন করতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.