Sylhet Today 24 PRINT

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ভুলভাবে উপস্থাপন, ৫ কর্মকর্তা বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারের ছবিতে খালেদা জিয়াকে ভুলভাবে উপস্থাপনের ঘটনায় জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় আরও চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততা-সংক্রান্ত একটি ভুল কর্তৃপক্ষের নজরে আসে। এরপর দায়িত্বে অবহেলার কারণে রাশেদুল ইসলামকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে চুক্তিভিত্তিক কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।

এতে বলা হয়, জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনিম সিরাজ এবং দুই উপ-পরিচালক আতিকুর রহমান হেলাল ও মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যালেন্ডারটির উৎপাদন ও মুদ্রণ বন্ধের নির্দেশ দিয়েছে। এরই মধ্যে বিতরণ করা ক্যালেন্ডার ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে এবং কার অবহেলায় ভুলটি হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এর আগে, শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই আয়োজন ঘিরে বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভ্রাটের অভিযোগ তুলে ফেসবুকে প্রশ্ন তোলেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে মোনাজাতরত একদল ব্যক্তির পেছনে রয়েছে একটি কালো ব্যানার। ব্যানারে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’। তবে এর ঠিক ওপরেই ছোট অক্ষরে লেখা রয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’।

এমনকি ব্যানারের বাম পাশে থাকা ছবির নিচে ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের’ নামও রয়েছে। অর্থাৎ, একই ব্যানারে খালেদা জিয়ার নামের সঙ্গে ‘শেখ ফজিলাতুন নেছা মুজিবের’ পরিচয় জুড়ে দেওয়া হয়েছে। ক্যালেন্ডার প্রস্তুত, সম্পাদনা, যাচাই, অনুমোদন ও মুদ্রণের একাধিক ধাপ পেরিয়েও এমন ভুল কীভাবে থেকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.