সিলেটটুডে ডেস্ক | ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
বুধবার নিজের ভেরিফাইড ফেইসবুক পাতায় এই ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, বাবা-মার ‘দুঃশ্চিন্তা’ কমাতেই তার এই সিদ্ধান্ত।
স্ট্যাটাসটি দেখার পর যোগাযোগ করা হলে ইমরান হেসে বলেন, “ব্যাপারটা সত্যি আসলে.... এ বছরই বিয়ে করছি।”
পাত্রী কি নিজের পছন্দের, না পরিবারের পছন্দের- জানতে চাইলে তিনি বলেন, “উভয়ের সমন্বয়েই পাত্রী নির্বাচন হবে।”
ওই পোস্টে একটি সেলফি তুলে তিনি লিখেছেন- “২০১৬ সালে বিয়ে করছি। এটা ফাইনাল। বাবা-মায়ের দুশ্চিন্তা কমানো দরকার, তাই না?”
৩৩ বছর বয়সী ইমরান ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্বে আসার পর সারা বাংলাদেশে আলোচিত মুখ।
গণজাগরণ আন্দোলনে গণজাগরণ আন্দোলনে
ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক হিসেবে গণজাগরণ আন্দোলনে সম্পৃক্ত হন রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়া ইমরান।
মেডিকেল কলেজের ছাত্র থাকাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগে যুক্ত ছিলেন ইমরান। ‘ইয়ুথ ফর পিস অ্যান্ড ডেমোক্রেসি’ বা ওয়াইপিডি নামের একটি সংগঠনও করতেন তিনি, যার মূল লক্ষ্য ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি। এই কাজের জন্য ‘প্রজন্ম ব্লগ’ গঠন করে ওয়াইপিডি।
ইমরান বলেন, মঞ্চের কাজের ব্যস্ততার জন্যই এতদিন বিয়ের বিষয়ে মনযোগ দিতে পারেননি তিনি।
“আসলে এমবিবিএস পাসের পর থেকে বাবা-মাসহ আত্মীয়-স্বজনরা অনেক আগে থেকেই বলছিলেন। এর মধ্যে ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ গঠন হল, আমি এর সঙ্গে যুক্ত হলাম। ২০১৪-১৫ সালেও মঞ্চের কাজের ব্যস্ততা ছিল, তাই তখন এ নিয়ে ভাবনা চিন্তার অবসর পাইনি।”
“সম্প্রতি কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে, মঞ্চের আন্দোলনের পর থেকে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়েও জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। ওদিকে পরিবার থেকেও বলা হচ্ছে, তাই…” বলেন ইমরান।