নিউজ ডেস্ক | ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
যশোরে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা ঘাটতি, সাংবাদিককে পুলিশের হুমকি ও পুলিশ কর্তৃক অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে 'নালিশ' জানিয়ে স্মারকলিপি দিয়েছে বামপন্থী সাতটি রাজনৈতিক সংগঠন।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের মাধ্যমে তারা যৌথভাবে এই স্মারকলিপি দেন।
এতে উল্লেখ করা হয়, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের সময় বোমা বিস্ফোরণ হলে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ফুল দিতে পারেনি। শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ব্যবস্থা ছিল না।
এদিকে পুলিশ সুপার আনিসুর রহমান প্রেসক্লাব যশোরের সম্পাদক এবং সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার এসএম তৌহিদুর রহমানকে হুমকি দিয়েছেন। সংবাদ প্রকাশের জের ধরে পুলিশের এমন হস্তক্ষেপ কাম্য নয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া সম্প্রতি যশোর পুলিশ শহরের গাড়িখানা এলাকায় সরকারি সম্পত্তিতে থাকা জেলা ন্যাপের কার্যালয়, পেছনে বসবাসরত দরিদ্র পরিবার কোনো নোটিশ ছাড়াই জোরপূর্বক উচ্ছেদ করেছে। একইসঙ্গে নতুন দোকানদারদের ঘর বরাদ্দ দিয়েছে। এসময় পাশের ভবনে অবস্থিত সিপিবির জেলা অফিসের প্রবেশ পথ বন্ধ করেছে।
এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি রবিউল আলম, জেলা সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক অশোখ রায়, ন্যাপের জেলা সভাপতি নূর জালাল, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইকবাল কবির জাহিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক তসলিম-উর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, বাসদের (মার্কবাদী) জেলা সমন্বয়ক হাসিনুর রহমান, বাসদের জেলা সমন্বয়ক শাহজাহান আলী প্রমুখ।