Sylhet Today 24 PRINT

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮০তম জন্মবার্ষিকী আজ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী শুক্রবার।

বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সকাল ৮টায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে পবিত্র কোরআনখানি, নূর মোহাম্মদ (মহিষখোলা) নগরে ১০টায় র‌্যালি, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১০টায় গার্ড অব অনার প্রদান, ১১টায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদ নগরে) জন্মগ্রহণ করেন। বাবা মো. আমানত শেখ ও মা মোছা. জেন্নাতা খানমের আশা ছিল লেখাপড়া শিখে ছেলে জীবনে উন্নতি করবে।

কিন্তু সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ডানপিটে নূর মোহাম্মদের শিক্ষা জীবন শেষ হয়। ১৯৫৯ সালের ১৪ মার্চ তিনি তৎকালীন ইস্ট পাকিস্তান রেজিমেন্টে (ইপিআর) যোগদান করেন।

১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে তিনি ৮নং সেক্টরে সাবেক ইপিআর  ও বাঙালি সেনাদের নিয়ে গঠিত একটি কোম্পানিতে যোগদান করেন।

৭১ এর ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে এক সম্মুখযুদ্ধে নিজের জীবনের বিনিময়ে রক্ষা করে সঙ্গীদের প্রাণ।

জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়েন পাক হানাদারদের সঙ্গে। এই অসামান্য আত্মত্যাগের জন্য তাকে দেশের সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.