Sylhet Today 24 PRINT

একুশে টিভির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে দুদক

নিউজ ডেস্ক |  ০২ মার্চ, ২০১৬

একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদনে মামলা রুজুর সুপারিশের প্রেক্ষিতে দুদক সোমবার এ অনুমোদন দেয়।

দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে বুধ-বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট থানায় মামলা করবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, দুদকের পরিচালক মো. নূর আহম্মদের তদারকিতে আবদুস সালামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগের ব্যাপারে অনুসন্ধান চালায় দুদক।

অনুসন্ধান শেষে দুদকে দেয়া অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, সালামের বিরুদ্ধে ভুয়া ভাউচারে অর্থ উত্তোলন করে আত্নসাৎ, বিদেশী কোম্পানি 'সিটিকপ'র নামে থাকা ইটিভি'র শেয়ার স্থানান্তরের অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার,  ইটিভির স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছ থেকে ভয় দেখিয়ে শেয়ার হস্তগত করার প্রমাণ মিলেছে।

এই সব অপরাধ দুদকের দণ্ডবিধির ৪২০/৪০৬সহ প্রযোজ্য ধারায় শাস্তিযোগ্য বিবেচনায় সালামের বিরুদ্ধে মামলা রুজুর সুপারিশ করা হয় প্রতিবেদনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.