Sylhet Today 24 PRINT

দুই সন্তানকে হত্যা করেছে মা, র‍্যাবের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৬

রাজধানীর রামপুরায় দুই ভাইবোনকে হত্যার কথা তাদের মা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‌্যাব।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বৃহস্পতিবার সকালে বলেন, তাদের মা মাহফুজা মালেক জেসমিন পরিকল্পিতভাবে সন্তানদের হত্যার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

দুই শিশুর বাবা তৈরি পোশাক ব্যবসায়ী আমানুল্লাহ কোনোভাবে এ ঘটনায় জড়িত কি না এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এ বিষয়ে এখনও নিশ্চিত নই। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরে সংবাদ সম্মেলন করে তদন্তের অগ্রগতির বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে বলে র‌্যাবের এই উর্ধ্বতন কর্মকর্তা জানান।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ঘটনার কারণ সংবাদ সম্মেলনে জানানো হবে।

উল্লেখ্য, গত সোমবার বিকালে বনশ্রীতে নিজেদের বাসায় দুই শিশু নুসরাত আমান অরণী (১৪) এবং তার ভাই আলভী আমানকে (৬) বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। চাইনিজ রেস্তোরাঁ থেকে আনা খাবার খেয়ে শিশু দুটির মৃত্যুর সন্দেহের কথা পরিবারের পক্ষ থেকে বলা হলেও পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে মেলে হত্যাকাণ্ডের আলামত। এরপর বুধবার জামালপুর থেকে শিশু দুটির বাবা, মা ও খালাকেও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসে র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.