Sylhet Today 24 PRINT

মমতার বাংলাদেশ সফর: কী দিলেন, কী নিলেন?

নিউজ ডেস্ক  |  ২১ ফেব্রুয়ারী, ২০১৫

বিদায় বেলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যখন ফুলের তোড়া উপহার দিলে মমতা তা ফিরিয়ে দিয়ে বলেন, এটা বাংলাদেশের মা ও ভাইদের দিয়ে গেলাম। আর ঢাকায় নেমেই বলেছিলেন- মনে হচ্ছে নিজের দেশে এলাম।

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকা সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ‘অনেক দুয়ার খোলা’র সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন অনেকেই।

যাওয়ার আগে তিস্তা ও সীমান্ত সমস্যার জট খোলার আশাবাদ জানিয়ে ৪৮ ঘণ্টার ঢাকা সফর শেষে ফিরে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার রাত পৌনে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা হন মমতা। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাতে ঢাকা এসেছিলেন মমতা।

তিস্তা চুক্তি সই এবং স্থল সীমান্ত চুক্তি কার্যকর আটকে থাকার মধ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতার এই সফর বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছিল। কারণ দুই দেশের কেন্দ্রীয় সরকারের বিষয় হলেও মমতার আপত্তিতেই চার বছর আগে আটকে গিয়েছিল তিস্তার পানি বণ্টন চুক্তি। তখন স্থল সীমান্ত চুক্তি কার্যকরে বিরোধিতা থাকলেও এখন তার সুর অনেকটাই নরম।

সফরে শনিবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিস্তা চুক্তির জট অচিরেই কাটবে বলে আশ্বাস দিয়েছেন মমতা। ছিটমহল বিনিময়ে ভারেতের সংবিধান সংশোধন বিলও লোকসভার আগামী অধিবেশনে পাস হবে বলে আশার কথা শুনিয়ে গেছেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সোনারগাঁও হোটেলে দুই দেশের ব্যবসায়ীদের যৌথ এক অনুষ্ঠানে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর আগে ঢাকায় নেমেই বাংলাদেশ ও পশ্চিমঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে ইলিশের প্রসঙ্গ এলে প্রধানমন্ত্রী পানির কথা জানান। এর আগে অবশ্য আনুষ্ঠানিক আলোচনায় তিস্তার পাই ইয়ে আলোচনা হয়েছিল এবং মমতা আশ্বস্ত করে বলেছিলেন এ নিয়ে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

ভারতে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর সম্প্রচার নিয়ে তিনি জানিয়েছেন- টিভি চ্যানেল নিয়ে একটি দাবি আছে। আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। আমাদের (ভারত) এখানে চাইলে বাংলাদেশে চ্যানেলগুলো ব্যবসায়িকভাবে আসতে পারে।

মমতা আরও বলেন, কলকতার রাজারহাটে তিনি জমি দেবেন। তিনি চান সেখানে বাংলাদেশ সরকার সেখানে একটি ভবন করুক। যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে। তিনি বলেন, দুই দেশের সিনেমা শিল্প নিয়ে অনেক জট রয়েছে। আমি সেগুলো খোলার চেষ্টা করছি।’ এই জট খুলেতে তিনি বাংলাদেশ থেকে তিনজন ও ভারত থেকে তিনজন নিয়ে একটি কমিটি করার প্রস্তাব দেন। কমিটির চেয়ারম্যান বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে করার প্রস্তাব দেন। তিনি (নূর) বাংলাদেশের তিনজন প্রতিনিধি ঠিক করবেন। আর পশ্চিমবঙ্গ থেকে তিনি প্রতিনিধি হলেন চলচিত্র নির্মাতা গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টপাধ্যায় ও শ্রীকান্ত মোহতা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর কর্ণধার শ্রী শ্রীকান্ত মোহতা।

তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, কলকাতায় বাংলাদেশ চলচিত্র উৎসব করুক। বাংলাদেশে কলকাতা চলচ্চিত্র উৎসব করুক। তিনি তাঁর লেখা ৫৩টি বইসহ বাংলাদেশ বইমেলা কর্তৃপক্ষকে মোট ৫০০টি বই উপহার দেবেন বলেও জানান। এ ছাড়া বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে বিমানবন্দরের নামকরণ ও একটি ফেলোশিপ চালু করবেন বলে জানান তিনি। পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি চেয়ার করারও ঘোষণা দেন তিনি। আর এটি উদ্বোধন করতে তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাবেন।

মমতা বলেন, ‘আমি বাংলাদেশ ও ভারতের মধ্যে কাঠবিড়াল হয়ে সেতুবন্ধনের কাজ করে যাব। অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি করা হয়েছে। অনেক কিছু ঘটানো হয়। অনেক কিছু ঘটে। আমরা লাইন বাউন্ডারি এগ্রিমেন্ট সমস্যার সমাধান করে দিয়েছি। সরকার বিল আনছে। বড় কাজ হয়ে যাবে। আমরা সংস্কৃতি বিনিময় করছি। ব্যবসা সম্প্রসারণে যা যা করা দরকার তা করব আমরা।’

দেশে ফিরতে বিমানে ওঠার আগে মমতা সাংবাদিকদের বলেন, “খুবই ভালো সফর হয়েছে। সবাই খুব উৎসাহিত, অনেকদিন মনে থাকবে আমাদের সবার।”

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার এবং ১৭ বছর পর ঢাকায় এই সফরে কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী, সাংবাদিকদের নিয়ে আসেন মমতা।

সফরের বিভিন্ন বৈঠক ও আলোচনার সূত্র ধরে তিনি বলেন, “আমি মনে করি, যতগুলো কাজ হয়েছে, আলোচনা হয়েছে, যতগুলো চ্যাপ্টার ওপেন হয়েছে, অনেক দরজা খুলেছে, ইটস এ নিউ বিগিনিং (নতুন সূচনা)।” দুই দেশের মানুষের যাতায়াত বাড়ানোর ওপর জোর দিয়ে মমতা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.