সিলেটটুডে ডেস্ক | ০৬ মার্চ, ২০১৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম স্বাধীন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী।
তিনি শাবি'র ১৯৯৬-৯৭ সালে কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
মেধাবী এ সাবেক ছাত্রনেতার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের উত্তর খয়রাকুড়িতে। হালয়াঘাট সেন্ট এন্ড্রোস মিশনারি স্কুল থেকে ১৯৮৯ সালে এস.এস.সি এবং ১৯৯১ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইস.এস.সি. প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ডাক্তার হওয়ার ইচ্ছায় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে না পরে মেরিন ইঞ্জিনিয়ার ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রিটেনে উত্তীর্ণ হলেও বাদ পড়েন ভাইভায়। পরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে ভর্তি হন কেমিস্ট্রিতে অনার্সে। ইচ্ছা ছিল এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক হওয়ার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ইচ্ছাপূরণ হয় নি।
১৯৯৬ সালে অনার্স শেষ হওয়ার কথা থাকলেও রাজনীতি করতে গিয়ে তাঁর পড়ালেখায় গ্যাপ হয় এক বছর। আরো এক বছর যায় সেশন জটে। অনার্স শেষ হয় ১৯৯৮ সালে। এর পর রাজনৈতিক কারণে মাস্টার্স না করেই ক্যাম্পাস ছাড়তে হয় তাকে। ২০০৭ সালে ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিনিয়ামে এমবিএ ভর্তি হন এবং শেষ করেন ২০০৯ সালে। বর্তমানে তিনি কর্মরত আছেন হালুয়াঘাট মহিলা কলেজে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাবের টিচার হিসেবে। এ পদে তিনি কর্মরত আছেন ১৬ বছর ধরে।
জহিরুল আলম স্বাধীনের বয়স ৪৩ বছর। ব্যবসায়ী বাবার আট ছেলে-মেয়ের মধ্যে স্বাধীন ছিলেন অষ্টম। জহিরুল আলম স্বাধীন এলাকায় 'স্বাধীন স্যার' নামেই বেশি পরিচিত। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০০২ সালে। স্ত্রী নাদিরা আফরিন, পেশায় গৃহিণী। স্বাধীন-নাদিরা দম্পতির দুই ছেলে রয়েছে। বড় ছেলে সামিন সাদিক নিলয় (১২) বাবার স্কুল সেন্ট এন্ড্রোস মিশনারিতে ৬ষ্ঠ শ্রেণিতে এবং ছোট ছেলে ফারদিন সাদিক নির্ঝর (৭) সান ফ্লাওয়ার স্কুলে ১ম শ্রেণিতে পড়ে।
এই ছাত্র নেতাকে ২০১৪ সালের ১২ মার্চ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে লিভারের সমস্যাটি ধরা পড়ে। ততদিনে লিভারের ৮০% নষ্ট হয়ে যায়।
তার লিভার প্রতিস্থাপন করতে আরো লাগবে প্রায় ৬০ লাখ টাকা। কিন্তু এতো টাকার যোগান দিতে অক্ষম তিনি ও তাঁর পরিবার। তাই তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন একজন শিক্ষক হিসেবে অথবা সরকারি দলের এক সময়ের রাজনৈতিক কর্মী হিসেবে সাহায্যের জন্যে।
সাবেক এ ছাত্রনেতাকে সহযোগিতা সম্পর্কিত তথ্যাদি:
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
একাউন্ট নাম- নাদিরা আফরিন (Nadira Afrin)
একাউন্ট নাম্বার- ১৯৯-১৫১-০০২-৯১১০
ডাচ বাংলা মোবাইল ব্যাংক নাম্বার- ০১৯১২-৪০১-৬০৪
বিকাশ নাম্বার- ০১৯১২-৪০১-৬০৪