Sylhet Today 24 PRINT

রনির বিচার শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৬

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় বখতিয়ার আলম রনির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। রনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পিনু খান-এর পুত্র।

রোববার (৬ মার্চ) ঢাকার দ্বিতীয় মহানগর দায়রা জজ সামছুন নাহার এ মামলায় রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ১১ এপ্রিল দিন ঠিক করে দেন।

ওই দিন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে রনির বিচার শুরু হবে।

গত বছরের ১৩ এপ্রিল রাত ২টার দিকে নিউ ইস্কাটনে এলোপাথাড়ি গুলিতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ওই ঘটনায় মামলা হলে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত কর্মকর্তারা জানতে পারেন, গভীর রাতে রাস্তায় ওই জোড়া খুনের ঘটনার নায়ক সংরক্ষিত নারী আসনের এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি। পরে গত ৩১ মে এমপিপুত্র রনি ও তার গাড়িচালক ইমরান ফকিরকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

তদন্ত সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, রনি পুলিশ হেফাজতে গুলিবর্ষণের কথা স্বীকার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির গুলিবর্ষণের কথা স্বীকার করেন তার গাড়িচালকও। ইতোমধ্যে গাড়িচালক ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

উল্লেখ্য, রনির মা পিনু খান সংরক্ষিত আসনের সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.